ঢাকা, ২৮ ডিসেম্বর – জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।
জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে। সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন।
জোট গঠন হলেও আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা কীসের ভিত্তিতে একত্রিত হয়েছি? আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী জোট। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা বসে নিজেদের মাঝে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে নির্ধারণ করেছি।
আগে থেকে এই জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন