ঢাকা, ২৪ ডিসেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সরকার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ২৫ ডিসেম্বর তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে নিরাপদ আগমন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক ও সমন্বিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার জননিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।‘
তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে মোতায়েন থাকবেন। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে।’
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে এবং কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতারা জানিয়েছেন, ওই দিন ঢাকায় পৌঁছলে দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৪ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন