ঢাকা, ০২ সেপ্টেম্বর – দেশের বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫ এর বিধি ৫ অনুসারে সার্ভিসের বিচারিক পদ সৃজন সংক্রান্তে গঠিত কমিটির সভাপতি আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
সভায় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সভায় কমিটিকে সাচিবিক সহায়তা দেন।
সভা শেষে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সভায় সর্বসম্মতভাবে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ পদমর্যাদার দেশের ৬৪টি জেলায় ৬৪টি এবং মহানগর এলাকায় ৮টিসহ সর্বমোট ৭২টি বিচারকের পদ, ৬১টি জেলায় জেলা জজ পদমর্যাদার ৬১টি এবং মামলার সংখ্যা অনুপাতে ঢাকা জেলার আরও ৪টিসহ সর্বমোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ, ইতোমধ্যে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালসমূহে জেলা জজ পদমর্যাদার ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারকের পদ, ইতঃপূর্বে সারাদেশে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালসমূহে যুগ্ম জেলা জজ পদমর্যাদার মধ্যে বিদ্যমান সৃজিত ১৩টি বিচারকের পদ ব্যতীত অবশিষ্ট ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারকের পদসহ সর্বমোট ২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত গৃহীত হয়।




মন্তব্য করুন