কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দেশকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অনিবার্য। পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব।
তাই নারী-পুরুষ সবার আঙিনায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ও বিভিন্ন স্থাপনায় গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ করে বাংলাদেশকে বাঁচান, নিজেকেও বাঁচান—এটাই আমাদের স্লোগান।”
সোমবার (১৮ আগস্ট) সকালে উখিয়া কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী আরও বলেন, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ক্রমাবনতির কারণে বাংলাদেশ আজ বড় ধরনের ঝুঁকির মুখে। বনাঞ্চল দিন দিন কমে যাওয়ায় জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের রাষ্ট্রনেতা। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং বড় হওয়া পর্যন্ত যত্ন নিতে হবে।”
তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, উখিয়া কলেজে একটি আধুনিক ও সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ লাইব্রেরি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহা আলম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ আকবর, নবী হোসেন, গিয়াস উদ্দিনসহ কলেজের শিক্ষকবৃন্দ। শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে কয়েকটি ফলজ ও বনজ চারা রোপণ করেন।
###




মন্তব্য করুন