ঢাকা, ০৩ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপির প্রার্থী তালিকা হতাশাজনক। অধিকাংশই গডফাদার। আমরা আশা করেছিলাম গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে। কিন্তু দেখা গেল কৌশলে ছাত্রদল ও যুবদলসহ তরুণদের খারিজ করা হয়েছে। তাদের আমাদের দলে স্বাগত জানাই।’
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘তারেক রহমান দেশে আসছেন শুনে খুশি হলাম। আরও আগেই আসা উচিত ছিল। আমরা একসঙ্গে বসতে চাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই।’
খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, ‘এখন বিএনপির গণতন্ত্র একমাত্র ব্যক্তিত্ব বলতে তাকেই বুঝি। গণঅভ্যুত্থান না হলে হয়ত তিনি নির্বাচন করার সুযোগ পেতেন না। তাই জুলাই অভ্যুত্থানকেও স্বীকৃতি দেওয়া উচিত।’
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। এখানে রাষ্ট্রপতির স্বাক্ষরের কোনো সুযোগ নেই। এমনটি চেষ্টা করা হলে ছাত্রসমাজ আবারও মাঠে নামবে। সনদ বাস্তবায়ন আদেশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন