ঢাকা, ১৮ ডিসেম্বর – ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
দিল্লির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের তো বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো। আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত টানাপড়েন তো আছেই। ভারতের সঙ্গে টানাপড়েন ছিল এটা মেনে নিয়েই আমরা বলে আসছি, একটা ভালো কাজের পরিবেশ চাই। আমরা চাইলেও সেটা হবে এমন কোনো কথা নেই।
তৌহিদ হোসেন বলেন, এখন সম্পর্ক দুই পক্ষ থেকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয়, আমরা দুই পক্ষ মিলে এতটা এগোতে পারিনি। সে কারণে টানাপড়েনটা রয়ে গেছে। কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, আমাদের নিজস্ব অবস্থান আছে।
কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের ক্ষেত্রে অনেক দেশ মিশন ছোট করে। বাংলাদেশ এ রকম কিছু ভাবছে কিনা— জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মুহূর্তে সেটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার হুমকি দিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূখণ্ডে আশ্রয় দেব— এমনটা এই সরকার অবশ্যই করবে না। আমি মনে করি, বাংলাদেশের কোনো সরকারই তা করবে না। একজন অ্যাক্টিভিস্ট বা রাজনীতিক এমন কথা বলতে পারেন, তবে সেটি সরকারের অবস্থান নয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। এ দিনটিকে তিনি ভারতের ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন। এই পোস্টে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিজয় নিয়ে কোনো কিছু উল্লেখ করেননি।
এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা সবসময় মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। কলকাতায় অন্যভাবে পালন করে। তারা মনে করে, যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। মুক্তিযোদ্ধারদের সহায়তা ছাড়া এই বিজয় অর্জন করা যেত না।
নিরাপত্তা শঙ্কায় আজ (বুধবার) দুপুরের পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখা হয়। ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিনা— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা তো আমাকে জানায়নি। আজকে একটা কর্মসূচি ছিল, তারা আজকে বন্ধ রাখছে।




মন্তব্য করুন