ঢাকা, ২১ অক্টোবর – শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পযন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি সরকার পুনর্বিবেচনা করছে।
আজ (মঙ্গলবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা চুক্তিই বাতিল করেছে। ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি, এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না।
তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলো বাস্তবে নেই। যেই তালিকা একজন উপদেষ্টা ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয়। এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি আছে অনেক পুরোনো। আর কয়েকটি চুক্তি আছে যেগুলো পর্যালোচনার মধ্যে আছে, ঠিক ওই নামে নেই।
উপদেষ্টা জানান, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর নামে নেই কিছু, যে নামে আছে তা হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন প্রকল্প, এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই, যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক আছে, সেটা বাতিল হয়নি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোমবার ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন, যেখানে দাবি করা হয়, ভারতের সঙ্গে ১০টি চুক্তি ও প্রকল্প বাতিল, বাকিগুলোও বিবেচনাধীন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন