ঢাকা, ১৯ আগস্ট – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় দ্রুত সহায়তা দেওয়ার জন্য ব্রিটিশ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ চিকিৎসক দলটির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ‘নয় সদস্যবিশিষ্ট’ একটি মেডিকেল টিম ঢাকায় পাঠায়। দলটি ৯ আগস্ট ঢাকায় এসে শুধু রোগীদের চিকিৎসাই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করছে।
প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। এত দ্রুত সবকিছু সংগঠিত করা আমাদের পক্ষে সহজ ছিল না। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞতা ছিল না, ফলে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম। তবে আপনাদের উপস্থিতিই আমাদের জাতিকে সান্ত্বনা দিয়েছে। সময়মতো এসে পাশে দাঁড়ানোর জন্য পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই।
এছাড়া তিনি আহত রোগীদের মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ দলকে ফলো-আপ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ব্রিটিশ মেডিকেল দলটি আগামী ২৪ আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠায়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন