ঢাকা, ২৯ সেপ্টেম্বর – মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হয়েছে ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) প্ল্যাটফর্ম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে এ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
এনআরএম হলো ওয়েবভিত্তিক সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা পাচারের শিকার ব্যক্তিদের শনাক্তকরণ থেকে শুরু করে সেবাদান, তদারকি ও পর্যবেক্ষণ- পুরো প্রক্রিয়াটিকে একটি সমন্বিত ও স্বচ্ছ ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে আসবে। এ উদ্যোগকে মানবপাচার প্রতিরোধে সরকারের জাতীয় কর্মপরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের সব প্রচেষ্টার কেন্দ্রে থাকতে হবে ভুক্তভোগীরা। সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এ জনগোষ্ঠীর যত্ন, সুরক্ষা এবং পুনঃএকত্রিকরণ মানবপাচারকারীদের বিচারের আওতায় আনার মতোই গুরুত্বপূর্ণ।’
উপদেষ্টা জানান, ডিজিটাল এনআরএম ভুক্তভোগীদের আরও কার্যকরভাবে শনাক্ত, অনুমোদিত সেবাদানকারীদের সঙ্গে সংযুক্ত, সেবার মান নিয়ন্ত্রণ ও তদারকিতে সহায়তা করবে। এটি রেফারেল প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা আনবে এবং জবাবদিহিও নিশ্চিত করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সব অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি বিভাগ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও সুশীল সমাজ একযোগে কাজ করলে এ সিস্টেম তার লক্ষ্যে পৌঁছাতে পারবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন