ঢাকা, ২৫ ডিসেম্বর – যুক্তরাজ্যের লন্ডন থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান যাত্রাবিরতি শেষে বর্তমানে ঢাকার পথে রয়েছেন তিনি। দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এরআগে, তারেক রহমান বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এদিকে, তারেক রহমানের ২৫ ডিসেম্বরকে প্রত্যাবর্তনের তারিখ হিসেবে বেছে নেওয়ার মূল কারণ হলো জনদুর্ভোগ কমানো এবং জনগণের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সদস্য অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, এই নির্দিষ্ট তারিখটি বেছে নেওয়ার পেছনে প্রধান যুক্তিগুলো হলো— ২৫ ডিসেম্বর একটি সরকারি ছুটির দিন। এর পরবর্তী শুক্রবার ও শনিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি থাকায় সাধারণ কর্মদিবসের তুলনায় রাস্তায় মানুষের চাপ এবং ভোগান্তি অনেক কম হবে বলে মনে করা হয়েছে।
তিনি বলেন, এই সময়ে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায় এবং মানুষ অনেকটাই ভ্রমণ বা অবসরের মেজাজে থাকে। ফলে এই সময়ে বড় জমায়েত হলেও শিক্ষার্থীদের পড়ালেখা বা সাধারণ মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততায় বড় কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা কম থাকে।
তিনি বলেন, সারকথায়, তারেক রহমান জনগণের নেতা হিসেবে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চাননি, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়। এই কারণেই এমন একটি সময় ও পরিকল্পনা বেছে নেওয়া হয়েছে, যা জনজীবনকে স্থবির না করে উৎসবমুখর পরিবেশে কর্মসূচি পালনে সহায়তা করে।
বিষয়টিকে একটি বড় পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন— কেউ যদি নিজের বাড়ির অনুষ্ঠান এমনভাবে আয়োজন করে, যাতে পাড়া-প্রতিবেশীদের যাতায়াতের পথ বন্ধ না হয় এবং ছুটির দিন বেছে নেয়, যাতে সবার উপস্থিতি সহজ হয়, আবার কারও কাজেরও ক্ষতি না হয়— এখানেও ঠিক একই জনবান্ধব চিন্তা কাজ করেছে।
এদিকে প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার রাত থেকেই পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে সবার মুখে মুখে একটিই স্লোগান— ‘লিডার আসছে’।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন