ঢাকা, ০৯ ডিসেম্বর – অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, কারণ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না বরং দুর্নীতি কমবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
অর্থ উপদেষ্টা বলেন, সিস্টেমকে উন্নত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কারণ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না বরং দুর্নীতি কমবে।
তিনি বলেন, দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে যাওয়া হতো। মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে। সমাজে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। বর্তমানে দুর্নীতিবাজ পুরস্কৃত হচ্ছে।
সালেহউদ্দিন বলেন, আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় বিষয়। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে শাস্তি কি দেবেন। সারা জীবন কারাগারে থাকলেও সাজা দেওয়া হয় না। কারণ দেশের অনেক ক্ষতি তারা করে ফেলেছেন। সমাজের সব ব্যক্তির পক্ষ থেকে দুর্নীতির তথ্য আসতে হবে।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন