জেরুজালেম, ২৬ অক্টোবর – শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। তাদের বাধার কারণে বিপদে পড়েছেন লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এমনটাই জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।
শনিবার (২৫ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন
ইউএনআরডব্লিউএ এক বিবৃতিতে জানায়, শীতপ্রবণ গাজায় আশ্রয় ও উষ্ণতার প্রয়োজন দিনদিন বাড়ছে, কিন্তু বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীতকালীন সামগ্রী এখনো জর্ডান ও মিসরে সংস্থাটির গুদামেই আটকে আছে। বিবৃতিতে মানবিক সহায়তা অবাধে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে গত বৃহস্পতিবার এক সিনিয়র সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানায়, আন্তর্জাতিক আদালতের নির্দেশনা সত্ত্বেও ইসরায়েল গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না।
এর একদিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছিল, গাজার ফিলিস্তিনিরা যথেষ্ট পরিমাণ মানবিক সহায়তা পাচ্ছেন না এবং ইসরায়েলকে অবশ্যই সহায়তা প্রবেশে অনুমতি দিতে হবে। একই সঙ্গে তারা ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার’ করাও বন্ধের নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ৬৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন