ঢাকা, ২১ এপ্রিল – ঈদুল ফিতরের আগে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমানরা যখন আনন্দ উৎসবের আমেজে থাকে, তখন এ অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে, তখন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়।’
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুমসহ অব্যাহত গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এ গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।
বিএনপি মহাসচিব বলেন, ঈদুল ফিতরের প্রাক্কালে জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপ্রিল ২০২৩





মন্তব্য করুন