বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ মো. খোরশেদ আলম (২২) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লেম্বুছড়ি বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৫০/২-এস এর কাছাকাছি কাটা পাহাড় নামক এলাকা থেকে তাকে আটক করে।
আটক খোরশেদ আলম কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিপাড়া গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আটক ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বাংলাদেশি নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া যায়।
ঘুমধুম সীমান্ত থেকে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার
বিজিবি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই টাকা সীমান্ত অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পরে আটক ব্যক্তি, উদ্ধারকৃত নগদ অর্থ এবং মোবাইল সেটসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করা হয়।




মন্তব্য করুন