ঢাকা, ৩০ আগস্ট – রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। সেখানে ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন নুর।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, আহত নুরুল হক নুর ওসিসির এক নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। ৪৮ ঘণ্টা না গেলে তার বিষয়ে কিছু বলা যাবে না।
এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে আনা হয়। তারপর রাত সোয়া ১১টার দিকে আহত নুরকে দেখতে হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এরপর নুরকে দেখতে আসেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরে গণআধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ আগস্ট ২০২৫




মন্তব্য করুন