ঢাকা, ৩১ আগস্ট – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।
রোববার (৩১ আগস্ট) রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন।
তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।
জাতীয় পার্টির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, একেকজন, একেকটা পার্টি, একেক রকম মতামত দিয়েছেন। সেটি বিস্তারিত শুনেছেন প্রধান উপদেষ্টা। খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং খুবই আন্তরিকতার সঙ্গে বৈঠক হয়েছে। আমি বলব আপনারা জানেন, গত ১৩ মাস এই গভর্মেন্ট দায়িত্ব গ্রহণ করার পরে একটা ডায়ালগ চলমান আছে, প্রত্যেকটা পার্টির সঙ্গেই আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আজকে যে তিনটা পার্টির সঙ্গে আলোচনা হলো, বলব সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে হয়েছে এবং অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে।
বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আদিলুর রহমান খান, ড. আসিফ নজরুল, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫




মন্তব্য করুন