কাঠমান্ডু, ০৫ সেপ্টেম্বর – নেপালের সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। অপব্যবহার ঠেকাতে কর্তৃপক্ষের নিবন্ধনের সিদ্ধান্ত পূরণে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত দিয়েছে দেশটি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায়, নিবন্ধনের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দেশটির সরকার ঘোষণা দিয়েছে। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
নেপালের সরকার জানায়, ভুয়া আইডির মাধ্যমে ব্যবহারকারীরা ঘৃণা ও গুজব ছড়াচ্ছে, সাইবার অপরাধ এবং সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। বর্তমানে দেশটির তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করার জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়। এসব শর্ত না মানলে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সেবায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) নিবন্ধন না করা প্ল্যাটফর্মগুলোর অ্যাক্সেস বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে কোন কোন প্ল্যাটফর্মের বিরুদ্ধে এই পদক্ষেপ বাস্তবায়ন করা সেই বিষয়ে স্পষ্ট করেনি দেশটির কর্তৃপক্ষ।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন