কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেকুয়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
নিহত নারীর নাম সাবিনা আক্তার জান্নাত ওরফে জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিকদার পাড়ার সাঈদুল হকের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি নাপিতার দিয়ার দেলোয়ার হোছাইনের পুত্র এহতেশামুল হকের নির্জন বাড়িতে আশ্রয়ে থাকতেন। তাঁর পিতা-মাতা মারা গেছেন বহু বছর আগে এবং একমাত্র ভাই অন্যত্র বসবাস করেন।
স্থানীয় ইউপি সদস্য নুর মুহাম্মদ জানান, জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা জানান, প্রতিবেশী এক নারী সবজি দিতে গিয়ে ঘরে প্রবেশ করেন। প্রথমে দরজা বন্ধ থাকায় পেছনের অর্ধ খোলা দরজা দিয়ে ডাকেন জুলিকে। সাড়া না পেয়ে ভেতরে ঢুকে দেখেন মশারির ভেতরে কম্বলে মোড়া অবস্থায় শুয়ে আছেন তিনি। কাছে যেতেই দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
প্রতিবেশীরা জানান, সাবিনা আক্তার সামান্য মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তিন দিন আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। শৈশবে তিনি মগনামার নানা বাড়িতে পড়াশোনাও করেছেন। বর্তমানে ওই বাড়িতেই একাকী আশ্রয়ে ছিলেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




মন্তব্য করুন