কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি সেনাক্যাম্পেের অদুরে রশি বেঁধে সড়কে ব্যারিকেট দিয়ে থামিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ (৩০) নামের মোটর সাইকেল আরোহী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অস্ত্রধারী ডাকাতরা।
এসময় ডাকাতদের আঘাতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত বারোটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘির অদুরে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল্লাহ রিয়াদ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর শিয়ালিয়া পাড়ার মৃত নুরুল আলমের ছেলে। গত ২২ দিন আগে অসুস্থ জনিত কারণে মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীও মারা যায়।
খবর পেয়ে বৃহস্পতিবার রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ এবং চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার হাসপাতালে গিয়ে হতাহতদের খোঁজখবর নেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের আলামত সংগ্রহ করে অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘ ডাকাতের হামলায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ’ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কের চকরিয়া উপজেলার হাসেরদিঘি ঢালায় ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের ওপর হামলা চালায়। এসময় মোটর সাইকেল আরোহীরা চকরিয়া থেকে সড়ক পথে দুটি মোটর সাইকেল চালিয়ে উখিয়া ফিরছিলেন। হামলার সময় ডাকাতরা চারজনকে কুপিয়ে জখম করে তাদের ব্যবহৃত মোটর সাইকেল দুটি লুটে নিয়ে গেছে।
ঘটনার পরপর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক মাহমুদউল্লাহ রিয়াদকে মৃত ঘোষণা করেন।
এছাড়া ডাকাতের হামলায় আহত চারজনের মধ্যে উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. সাগর (২৮), নুরুল হোসেন (২৭) ও ঈদগাঁও উপজেলার আবু রায়হান (২৫) এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে সাগর ও নুর হোসেনকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। #




মন্তব্য করুন