ঢাকা, ২৬ সেপ্টেম্বর – বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন অপরাধের অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার ও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আইএসপিআর জানায়, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে।
এসব যৌথ অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুষ্কৃতকারী, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অনলাইন জুয়াড়ি, মাদকাসক্তসহ মোট ৪৪ অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের কাছ থেকে সাতটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ককটেল, ১৩২ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় দেশি ও বিদেশি মাদকদ্রব্য, ককটেল তৈরির রাসায়নিক, মোটরসাইকেল, পুলিশের পোশাক, মোবাইলফোনসহ বিভিন্ন চোরাই মালামাল ও নগদ অর্থ।
আইএসপিআর আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনা ক্যাম্পে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন