কক্সবাজারের ইনানী সৈকতে স্রোতের টানে ভেসে গিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন লক্ষ্মীপুর থেকে আগত পাঁচ তরুণ পর্যটক।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সমুদ্রস্নানের সময় এই বিপদের মুখে পড়েন তারা। তবে বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিনের তাৎক্ষণিক সাহসী পদক্ষেপে রক্ষা পায় তাদের জীবন।
প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পাঁচজন পর্যটক ইনানী সৈকতের বিপজ্জনক এলাকায় গোসলে নামেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ প্রবল স্রোতের টানে তারা গভীর সমুদ্রে ভেসে যেতে থাকেন। সৈকতে দায়িত্বরত বিচকর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন দ্রুত একটি নৌকা নিয়ে ছুটে যান এবং জীবনবাজি রেখে একে একে পাঁচজনকেই টেনে তীরে ফিরিয়ে আনেন।
উদ্ধারকৃত পর্যটকরা হলেন—লক্ষ্মীপুর সদরের মিজান (১৮), হাসান (১৭), সোহান (১৮), আরমান (২০) ও রবিউল (১৯)। তাদের মধ্যে মিজান ও সোহান সাগরের লবণপানি গিলে ফেলায় অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা কক্সবাজার শহরে ফিরে যান।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
বিচকর্মী বেলাল উদ্দিন বলেন,“বালিতে দাঁড়িয়ে আমি পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ দেখি পাঁচজন স্রোতের মধ্যে আটকে পড়েছে। সময়ক্ষেপণ না করে আমি নৌকা নিয়ে দৌড়ে যাই। স্রোত খুবই শক্তিশালী ছিল, তবে আল্লাহর রহমতে সবাইকে উদ্ধার করতে পেরেছি।”ঘটনার বিষয়টি জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সৈকতে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সংস্থা সি-সেফ লাইফগার্ড সূত্রে জানা গেছে, চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে স্নানের সময় স্রোতে ভেসে গিয়ে অন্তত ১৪ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পর্যটকদের অসচেতনতা এবং নিশান সীমার বাইরে সাঁতার কাটার প্রবণতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ।স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা পর্যটকদের উদ্দেশ্যে আবারও সতর্কতা জারি করেছেন—সমুদ্রস্নানের সময় যেন নির্ধারিত সীমানা ও নির্দেশনা মেনে চলতে হবে।
এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন,“ইনানী সৈকতে পাঁচজন পর্যটক প্রাণঘাতী স্রোতের মুখে পড়লেও বিচকর্মীর তৎপরতায় তারা নিরাপদে উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।
যেকোনো ধরনের দুর্ঘটনা রোধে আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সৈকতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছি।




মন্তব্য করুন