কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় জড়িত থাকার অভিযোগে তিন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়। তবে আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) রাত ১১টার দিকে বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের একটি দল কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অপহরণকারীদের একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটককৃত তিনজন ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট তিনজন অপহরণকারীকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, অপহরণকারীরা তাদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল এবং পরে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”




মন্তব্য করুন