কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুতকৃত ২৯ কার্টুন ওষুধসহ দুটি গাড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া মৌলভীর কাটা গ্রামের নুরুল আলমের ছেলে মোঃ সালামত উল্লাহ (৩৫), ঢাকার ধামরাই এলাকার ইয়াসিনের ছেলে তারিকুল ইসলাম (৪৮) ও নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দলপুর গ্রামের মৃত অহিদুল্লাহ এর ছেলে মোঃ রিয়াজুল্লাহ (৩৬)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া থেকে হাইস্কুল পাড়া সড়কের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
অভিযানে স্কয়ার কোম্পানির লোগোযুক্ত একটি ভ্যান (নাম্বার: ঢাকা মেট্রো ম-৫১-৫৯৪৪) এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
অভিযানের সময় সিএনজির চালক শহিদুল্লাহ (মৌলভীর কাটা, কচ্ছপিয়া) পালিয়ে যায়। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজান মনির বলেন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গর্জনিয়া বাজার থেকে স্কয়ার কোম্পানির ভ্যান ব্যবহার করে ওষুধ মিয়ানমারে পাচার করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই মালামালসহ তিনজনকে আটক করা হয়েছে।”
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।




মন্তব্য করুন