কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কে-৯ ডগ স্কোয়াডের চৌকস সদস্য ‘মেঘলা’-এর অসাধারণ তৎপরতায় ২৮ লিটার দেশীয় চোলাই মদসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) সকালে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইক তল্লাশির সময় এই অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা হ্নীলা থেকে টেকনাফগামী একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামান।
এ সময় ইজিবাইকটির কাছে আসার পর বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’ মাদক বহনের বিষয়ে অব্যাহত সংকেত দিতে শুরু করে। একই সঙ্গে চালকের আচরণ অস্বাভাবিক মনে হলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
কে-৯ ডগ ‘মেঘলা’-এর দেখানো স্থানে ইজিবাইকের পিছনের সিটের নিচে গোপন কুঠুরিতে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪টি পানির বোতলে মোট ২৮ লিটার দেশীয় চোলাই মদ পাওয়া যায়।
অবৈধভাবে মদ বহনের দায়ে চালকবেশী মাদক কারবারি মো. আব্দুর রহিম (৩০)-কে আটক করা হয়। সে টেকনাফের পূর্ব ফুলের ডিল গ্রামের বাসিন্দা। এ সময় মাদক বহনে ব্যবহৃত ইজিবাইকটি ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “বিজিবি শুধুমাত্র মানবশক্তির ওপর নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত দলের সমন্বয়ে যেকোনো পাচার প্রচেষ্টা বানচাল করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত দেশ গড়ার এই অঙ্গীকার নিয়ে আরও কঠোরভাবে বিজিবির অভিযান চলবে।”




মন্তব্য করুন