ময়মনসিংহ, ০২ নভেম্বর – বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্দিহান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নেওয়ার পর আমরা আশা করেছিলাম, যে ভোটের জন্য আমার ভাই রক্ত দিয়েছিল- সেই ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ সন্দিহান হচ্ছে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শনিবার (১ নভেম্বর) ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বার্ষিক কাউন্সিল ও নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক কোনো সরকার নেই। ২০০৮ সালের নির্বাচনের পর থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের আবাল-বৃদ্ধ-বনিতা থেকে শুরু করে দেশের রাজনৈতিক দল, ছাত্র, যুবকসহ পেশাজীবী সংগঠন আন্দোলন করেছে। অনেকে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে। সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানে দুই হাজারের বেশি শহীদ হয়েছেন শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য।
দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে যে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদ প্রডিউস করা হয়নি। লিখিত সংবিধানের কিছু সুনির্দিষ্ট পন্থা আছে। বিশ্বের কোনো দেশেই সংবিধানে কোনো বিষয় অটোমেটিক সন্নিবেশিত হওয়ার নজির নেই। শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিলেন- জুলাই সনদ বদলে দিয়ে এখন দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে। অবিলম্বে প্রতারণা বন্ধ করে আসল সনদ জাতির সামনে উপস্থাপনের দাবি জানাচ্ছি।
আইন উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, এখনই থামুন। নইলে স্বাধীন বিচার বিভাগের স্বাধীনতা এবং আলাদা সচিবালয় করার দাবিতে আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামবে।
বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার বিভাগ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলেও জানান ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, অ্যাডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন ব্যারিস্টার কায়সার কামাল।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০২ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন