দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে উখিয়াতে বার্ষিক অগ্রগতি ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি ও দ্য ডেইলি পোস্ট-এর প্রতিনিধি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালার মূল পর্বে সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মো. মর্তুজ আলী প্রকল্পের বার্ষিক অগ্রগতি তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে প্রকল্পের সাফল্য, চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আলোচনায় জানানো হয়, ২০২৩ সালের আগস্ট থেকে প্রকল্পটি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়ন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এবং রোহিঙ্গা ক্যাম্প-১৪, ১৫ ও ১৬-এ বাস্তবায়িত হচ্ছে।




মন্তব্য করুন