কুষ্টিয়া, ২৭ ডিসেম্বর – কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপচাপায় সিয়াম (১৯) ও রশীদ (২০) নামের দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের বাঁধপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
নিহত সিয়াম পার্শ্ববর্তী মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বীজনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং রশীদ মিরপুর পৌরসভার কুড়িপোল এলাকার মো. কুদ্দুস হোসেনের ছেলে। তিনি মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম ও রশীদ মোটরসাইকেল যোগে লালন শাহ ব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা বাঁধপাড়া এলাকায় রাস্তার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। সিয়াম ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় রশিদকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় রশিদেরও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. একরামুল হক বলেন, দুর্ঘটনায় মুমূর্ষু অবস্থায় রশিদকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আর দুর্ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।




মন্তব্য করুন