ঢাকা, ২২ জানুয়ারি – এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি সারা দেশে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোটগ্রহণ ও গণনায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
এ সময় তিনি জানান, এবারের নির্বাচনে বিদেশ থেকে প্রায় ৫শ পর্যবেক্ষক ও সাংবাদিক আসবেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সচিব বলেন, এবার প্রবাসী ভোটার এবং অভ্যন্তরীণ ভোটারদের জন্য ভিন্ন ধরনের ব্যালট ব্যবহার করা হচ্ছে। দুটি ব্যালট এবং অধিক প্রার্থীর কারণে ভোট গণনায় বেশি সময় লাগবে। বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
উদাহরণ টেনে তিনি বলেন, ফেনী-৩ আসনে ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লায় ১৩ হাজার ৯৩৯ জন পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। একটি কেন্দ্রে ৩ হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ ৫-৬ গুণ বেশি, যা ফলাফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।
ইসি সচিবের তথ্যমতে, গতকাল রাত পর্যন্ত প্রার্থী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন ২ জন পিরোজপুর-১ আসনে।
ভোটারদের এনআইডি কার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়ে সতর্ক করে সচিব বলেন, মিরপুরে এনআইডি কার্ড নেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের সচেতন থাকতে হবে।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে টিআইবির উদ্বেগের বিষয়ে তিনি বলেন, নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়া সময়সাপেক্ষ। তবে কেউ তথ্য গোপন করে প্রার্থী হন এবং পরে তা প্রমাণিত হয়, তাহলে আরপিও’র নতুন ধারা অনুযায়ী কমিশন যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবে।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য এবার ১৬ হাজারের বেশি বিএনসিসি ভলান্টিয়ার কাজ করবেন। আগামী রোববার তাদের কমান্ড স্ট্রাকচার ও ডেপ্লয়মেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে।




মন্তব্য করুন