সিরাজগঞ্জ, ২০ ফেব্রুয়ারি – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের রেখে যাওয়া বিশাল বকেয়া এবং ভবিষ্যতের জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা মিলিয়ে বর্তমান পরিস্থিতি তার জন্য একটি কঠিন অগ্নিপরীক্ষা।
তিনি এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিরাজগঞ্জে এসে শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বর্তমানে মন্ত্রণালয়ের অগ্রাধিকার হলো রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আসন্ন সেচ মৌসুম ও গ্রীষ্মকাল সুষ্ঠুভাবে মোকাবিলা করা।
বিষয়টি কঠিন হলেও তিনি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। তিনি উল্লেখ করেন যে কারিগরি কারণে মাঝেমধ্যে বিভ্রাট হতে পারে, তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে। এছাড়া তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মামা ও ভাগনে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিলেন। বর্তমানে তারেক রহমানের নির্দেশনায় গঠিত কাঠামতেও তারা মামা ও ভাগনে স্থান পেয়েছেন। সিরাজগঞ্জের উন্নয়নে ভালো কিছু করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। ওই সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬







