কক্সবাজারের উখিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং পরিবেশ রক্ষায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে উপজেলার কুতুপালং ও পালংখালী এলাকায় এসব অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার ও বালুমহাল আইনে চার ব্যক্তিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুতুপালং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। বাজার মনিটরিংকালে ইউএনও ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে সতর্ক করেন।
পরবর্তীতে বিকেল ৪টার দিকে উপজেলার পালংখালী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি পাচার বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পরিবেশ বিধ্বংসী অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।




মন্তব্য করুন