ঢাকা, ২৩ মার্চ – রাজধানী ঢাকার ফুটপাত ও সড়ক দখল করে পরিচালিত বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠানের বর্ধিতাংশ দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
ডিএমপি সদরদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল সরানো না হলে আগামী ১ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের
ডিএমপি জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় খাবারের রেস্টুরেন্ট, মোটরগাড়ি মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম চালাচ্ছে। এর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে অনেক রেস্টুরেন্ট ফুটপাতের ওপর রান্নার চুলা, বার্নার, হাঁড়িপাতিল ও গ্রিল মেশিন বসাচ্ছে।
অন্যদিকে, মোটর ওয়ার্কশপগুলো টায়ার ও যন্ত্রপাতি সড়কে রেখে কাজ করছে, এমনকি কোথাও কোথাও রাস্তার এক লেন পর্যন্ত দখল করা হচ্ছে। এছাড়া পোশাক ও আসবাবপত্রের দোকানগুলোও পণ্য প্রদর্শনের জন্য ফুটপাত ব্যবহার করছে। ডিএমপি আরও উল্লেখ করেছে, এসব কারণে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন, ফলে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এই অবস্থায় জনস্বার্থে সংশ্লিষ্ট সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে মালামাল সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




মন্তব্য করুন