চট্টগ্রামের সাতকানিয়ায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর ও নৃশংস হত্যা মামলার ১ নং এজাহারনামীয় প্রধান পলাতক আসামি আকবর হোসেন প্রকাশ বাঁচাকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শনিবার (০৪ জুলাই) বিকেলে সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাজার সংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এর সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকবর হোসেন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বরদুয়ারা এলাকার আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গত ০১ জুলাই সাতকানিয়া থানায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়। আকবর হোসেন ওই মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল আকবর হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে বিকেল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে কেরানিহাট এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতার পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে সংশ্লিষ্ট সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন