বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং এলাকার একটি রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিক তিন দিন পর মুক্ত হয়েছেন।
সোমবার সকালে পার্শ্ববর্তী লামা উপজেলার গয়ালমারা এলাকা থেকে তারা ফিরে আসেন। তবে তাদের মুক্তির কারণ নিয়ে স্থানীয় সূত্র ও পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, অপহরণের পর শ্রমিকদের মুক্তির জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে সেই অর্থ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
অন্যদিকে, পুলিশের দাবি, ঘটনার পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অভিযানের চাপের মুখে অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
গত শুক্রবার গভীর রাতে আলীক্ষ্যং এলাকার একটি রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ছয় শ্রমিককে তুলে নিয়ে যায় একদল সশস্ত্র ব্যক্তি।
অপহৃত ব্যক্তিরা কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জীবিকার তাগিদে তারা রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দিয়েছিলেন।
রাবার বাগানের মালিক কাওছার বলেন, শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরদিন রাতেই অপহরণের ঘটনা ঘটে। তারা নিরাপদে ফিরে আসায় স্বস্তি পেলেও সীমান্তবর্তী এলাকায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপহরণের ঘটনার পর পুলিশের একাধিক দল অভিযান চালিয়েছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য করুন