কক্সবাজারের টেকনাফে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. মোবারক (১৯) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনের পাকা রাস্তার ওপর স্থাপিত চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
আটক মোবারক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, এক মাদক কারবারি সিএনজি অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান নিয়ে বরইতলী র্যাব ক্যাম্পের সামনে দিয়ে যাবে—এমন গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
বিকেল পৌনে ৬টার দিকে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং চালক মোবারককে আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক চালকের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে সিএনজি অটোরিকশার নিচের বাম পাশের চাকার পাশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত মাদক ও সিএনজিসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন