কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিন ধরে চলমান অপহরণ, মুক্তিপণ আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালনকারী সাইফুল ইসলামের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
তিনি আন্দোলনকারীর সঙ্গে সাক্ষাৎ করে টেকনাফে অপহরণ চক্র দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁর অনুরোধে সাইফুল ইসলাম অনশন ভঙ্গ করেন।
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং টেকনাফের বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনশনস্থলে উপস্থিত হয়ে শাহজাহান চৌধুরী সাইফুল ইসলামের খোঁজখবর নেন এবং তাঁর দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় শাহজাহান চৌধুরী বলেন, টেকনাফে অপহরণ ও সন্ত্রাসের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
তিনি বলেন, টেকনাফের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপহরণ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।এমপির আশ্বাসের পর অনশন ভঙ্গ করেন সাইফুল ইসলাম।
তিনি বলেন, টেকনাফের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অপহরণ ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে তিনি শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনশন ভাঙার সময় উপস্থিত ব্যক্তিরা টেকনাফে অপহরণ, মুক্তিপণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সীমান্তবর্তী এ অঞ্চলের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আরও ব্যাহত হবে।বিগত কয়েক বছরে টেকনাফে অপহরণের একাধিক ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে অপহরণকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। সাইফুল ইসলামের অনশনও সেই দাবিরই অংশ বলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন।
শাহজাহান চৌধুরীর আশ্বাসের পর আন্দোলনকারীরা আশা প্রকাশ করেন, টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত উদ্যোগ গ্রহণ করবে।




মন্তব্য করুন