ঢাকা, ১১ সেপ্টেম্বর – আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির মূলহোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন।
উইন্ডিজ সিরিজের আগে বড় পরিবর্তন: ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে সালাউদ্দিনের কাঁধে দায়িত্ব
মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে—স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা লোপাট করেছেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
ডিবি জানায়, মিঠু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের দুর্নীতির অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত।
স্বাস্থ্য খাতে ‘সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও পাচারে’ জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৭৩৮ টাকা।
এছাড়া মিঠুর নামে পারিবারিক ব্যয়ের পরিমাণ পাওয়া গেছে ৭১ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৪৩৪ টাকা। অর্থাৎ পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ১৭২ টাকা।
দুদক বলছে, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি আয়, বেতন-ভাতা, ফার্মের অংশ, ব্যাংক সুদ, নিরাপত্তা জামানতের সুদ এবং বৈদেশিক রেমিট্যান্স থেকে মোতাজ্জেরুল ইসলামের বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৭১ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৭৩৫ টাকা।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন