ঢাকা, ১২ আগস্ট – সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায়। একসময় মনোমুগ্ধকর এই পর্যটনকেন্দ্রটি এখন প্রায় বিবর্ণ ও ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গভীর হতাশা প্রকাশ করেছেন।
সোমবার (১১ আগস্ট) এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না।’
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
ক্ষোভ প্রকাশ করে রিজওয়ানা হাসান বলেন, ‘পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কীভাবে অসুন্দর করে ফেলতে হয়, সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর জাফলং নষ্ট হয়ে গেল, ধ্বংসলীলা দেখলাম।’
তিনি আরও বলেন, ‘শুনলাম, এই পাথরগুলো নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কারও কাছে কোনো পরিসংখ্যান নেই। অথচ পরিসংখ্যান বলছে, দেশের চাহিদার মাত্র ৬ ভাগ পূরণ হয় এসব পাথর তুলে, বাকি ৯৪ ভাগ আমদানি করতে হয়। ৯৪ ভাগ আমদানি করতে পারলে বাকি ৬ ভাগ কেন পারলাম না!’
উপদেষ্টা প্রশ্ন তোলেন, ‘কেন আমরা ভিয়েতনামে গিয়ে নদীর ইকো ট্যুরিজম দেখি, অথচ জাফলং-এ একটি ইকো ট্যুরিজম করতে পারলাম না! আমরা যেমন সৌন্দর্যমণ্ডিত জাফলং দেখেছি, নতুন প্রজন্ম কেন তা দেখতে পাবে না? সেখানে আবার রাজনৈতিক ঐক্য দেখলাম।’
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন