ঢাকা, ০৮ অক্টোবর – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।’
তিনি এই মন্তব্য করেছেন জাতীয় স্টিয়ারিং কমিটির সভায়, যা স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার জন্য প্রণীত কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয় বিস্তারিত তুলে ধরেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনের জন্য আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আত্মনির্ভর হতে হলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, তা মানে হলো স্বনির্ভর বাংলাদেশ।’
তিনি উল্লেখ করেন, ‘এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি ও সুযোগ কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।’
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন