কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে দীর্ঘদিন ধরে জমে থাকা ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম। স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের দাবিও জানিয়েছে সংগঠনটি।
উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতা ও এফএইচ অ্যাসোসিয়েশনের সহায়তায় পরিচালিত এ দিনব্যাপী অভিযানে বিডি ক্লিন উখিয়া টিমের ৩৭ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এটি ছিল সংগঠনটির ১৪তম পরিচ্ছন্নতা অভিযান।
আয়োজকেরা জানান, কোর্টবাজারের দক্ষিণ পাশ এবং আশপাশের বসতবাড়ি ও বাজার এলাকা থেকে আনুমানিক ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, বিডি ক্লিন উখিয়া টিমের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ফারুক আহমেদ, বিডি ক্লিন কক্সবাজারের সমন্বয়ক ছৈয়দ করীম, জেলা অতিরিক্ত সমন্বয়ক মো. আকিবুল আলম, সহসমন্বয়ক সিরাজুল মনিরা তুম্পা এবং এফএইচ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
সরওয়ার জাহান চৌধুরী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি নির্ধারিত স্থান ছাড়া বর্জ্য না ফেলার আহ্বান জানান।
বিডি ক্লিন উখিয়া টিমের টিম লিডার ওমর ফারুক বলেন, স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ স্থায়ী সমাধান নয়। উখিয়ায় নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন চালুর আশ্বাস দিয়েছেন।
বিডি ক্লিন উখিয়া টিম উপজেলা প্রশাসনের কাছে কোর্টবাজার ব্যবসায়ী সমিতিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, নিয়মিত তদারকি জোরদার এবং ঘটনাস্থলে ‘এখানে বর্জ্য ফেলবেন না’ লেখা সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে।
সংগঠনটির সদস্যরা বলেন, প্রশাসন, ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত উদ্যোগেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য উখিয়া গড়ে তোলা সম্ভব।




মন্তব্য করুন