কলকাতা, ২৮ নভেম্বর – বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে বিক্ষোভ হয়েছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ-দূতাবাস পর্যন্ত মিছিল করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। মিছিলটি বেকবাগানের সামনে যেতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ।
কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
এদিন ব্যারিকেডে চাপা পড়ে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হন। একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।
পরে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের পাঁচজনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের উপ-দূতাবাসে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেয় কলকাতা পুলিশ।
আন্দোলনকারী রাধারমন দাস বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেখানে কলকাতা পুলিশ আমাদের আটকে দেয়। পুলিশের এই অন্যায়ভাবে আটকানোকে আমরা ধিক্কার জানাচ্ছি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৮ নভেম্বর ২০২৪




মন্তব্য করুন