ঢাকা, ০৩ ডিসেম্বর – জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা তথা স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপি তফসিল পেছাতে চায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে দলটির নেতারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, এনসিপি কেন তফসিল পেছাতে চাইবে? তারা চায় সংকট সমাধান করে যেন তফসিল দেওয়া হয়। যেন এমন সময়ে তফসিল দেওয়া হয় যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।
সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা
বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। এসময় তারা রাজনৈতিক পরিস্থিতি ও তফসিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কমিশনকে বলেছি- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে ইসি যেন তফসিলের ঘোষণাটি দেয়।
এদিন নাহিদের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। পরে কমিশন সচিবের কাছ থেকে সনদ নেন। বৈঠকে খালেদা জিয়ার অসুস্থতা ও তফসিলের বিষয়টি উঠে আসে। রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ইসিকে তফসিল দেওয়ার আহ্বান জানায় এনসিপি।
তফসিল কি পেছাতে চাইছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কেন তফসিল পেছাতে চাইবো? আমরা চাই সংকট সমাধান করে তফসিল দেওয়া হোক।
নাহিদ ইসলাম বলেন, (তফসিলের) সময়টায় যেন রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রতিটি দল যেন নির্বাচনের যাত্রা শুরু করার পরিবেশে থাকে, রাজনৈতিক পরিবেশে থাকে। তেমন একটি সময়ে তফসিল দেওয়া হলে সব দলের জন্য উপকার হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন