চট্টগ্রাম, ১১ অক্টোবর – চট্টগ্রামে জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। মো. শরীফ (২৩) নামের ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটায় এ ঘটনা ঘটে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।
জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান কনসার্টটির আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। কনসার্ট সন্ধ্যায় শুরু হয়েছিল। পরে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। কনভেনশন সেন্টারে ভাঙচুর করা হয়। এখন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন।
গুলিতে আহত শরিফকে চমেক হাসপাতালে নিয়ে আসেন মো. নাঈম নামের এক তরুণ। তিনি মুঠোফোনে বলেন, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। স্লোগান দেয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা জানার জন্য কথা বলছেন তারা। সবার সঙ্গে কথা কী ঘটেছে, তা জানানো হবে। আর ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন।
এদিকে কনসার্ট আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুলশী থানায় ডেকে নেয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১১ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন