উখিয়ায় গণসমাবেশে রোহিঙ্গাদের আহ্বান— প্রতিশ্রুতির বদলে চাই কার্যকর পদক্ষেপ
রোহিঙ্গা সংকটের সমাধানে এবার প্রতিশ্রুতি নয়, দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত দাবি করেছে বাংলাদেশের উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আয়োজিত এক বিরাট গণসমাবেশ থেকে তারা এই আহ্বান জানান।
‘Our Future, Our Voice’— এই স্লোগানে অনুষ্ঠিত সমাবেশটি আয়োজন করা হয় জাতিসংঘ সদরদপ্তরে আসন্ন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে, যা ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
সমাবেশে হাজারো রোহিঙ্গার অংশগ্রহণ
পালংখালীর ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেয় বিভিন্ন বয়সী রোহিঙ্গা নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোররা। ব্যানার, প্ল্যাকার্ড ও বক্তৃতার মধ্য দিয়ে তারা জানান— আশ্রয় নয়, তাদের স্বপ্ন নিজভূমে সম্মানজনকভাবে ফিরে যাওয়া।
সমাবেশে রোহিঙ্গা কমিউনিটির নির্বাচিত নেতা মাস্টার সৈয়দ উল্লাহ বলেন,“আমরা আর শুধু মানবিক সহায়তায় বাঁচতে চাই না। আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই নাগরিক অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে।”
তরুণ রোহিঙ্গা অধিকারকর্মী কিন মং বলেন, “শিক্ষা ও কাজের সুযোগ থেকে আমাদের প্রজন্ম বঞ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতিগুলো কেবল কাগজে-কলমে থেকে গেলে এই সংকট আরও বিস্ফোরক হয়ে উঠবে।”
রোহিঙ্গা প্রতিনিধি মোহাম্মদ ফোরকান বলেন, “আমরা চাই, ৩০ সেপ্টেম্বরের জাতিসংঘ সম্মেলন থেকে একটি সময়সীমা নির্ধারণ করে রোডম্যাপ ঘোষিত হোক—যেখানে প্রত্যাবাসন, নিরাপত্তা ও নাগরিকত্বের নিশ্চয়তা থাকবে।”
আট বছরেও সমাধান হয়নি
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আন্তর্জাতিক অঙ্গনে একে “জাতিগত নিধনের ঘটনা” হিসেবে আখ্যায়িত করা হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর বিচার হয়নি, হয়নি প্রত্যাবাসন।
জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বছরে বছরে সহায়তার আশ্বাস দিলেও বাস্তবসম্মত সমাধানে বড় অগ্রগতি হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে দেওয়া বক্তব্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন,“রোহিঙ্গা তহবিল হ্রাস পেলে শুধু মানবিক সংকট নয়, নিরাপত্তা ঝুঁকিও বাড়বে। সময় এসেছে প্রতিশ্রুতি নয়, বাস্তব সিদ্ধান্ত নেয়ার।”
আন্তর্জাতিক নজর এখন রোহিঙ্গা সংকটের দিকে
৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠেয় সম্মেলনে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান, ফেরত পাঠানো প্রক্রিয়া, মিয়ানমারের রাজনৈতিক অবস্থা ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।এর প্রস্তুতি হিসেবে আগস্টে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীজন সংলাপও অনুষ্ঠিত হয়, যেখানে বহু দেশের প্রতিনিধি অংশ নেন।




মন্তব্য করুন