বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় একটি রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে তাঁদের জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বাগান মালিক। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, অপহৃত শ্রমিকরা এর আগে পাশের একটি রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজ করছিলেন। সেখানে কাজ শেষ করে একদিন আগে তাঁরা কাওছারের মালিকানাধীন রাবার বাগানে একই কাজে যোগ দেন।
শুক্রবার রাতে কাজ শেষে স্টাফ কোয়ার্টারে অবস্থানকালে একদল অস্ত্রধারী ব্যক্তি সেখানে প্রবেশ করে তাঁদের তুলে নিয়ে যায়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
রাবার বাগানের মালিক কাওছার বলেন, “শ্রমিকরা মাত্র একদিন আগে আমার বাগানে কাজ শুরু করেছিলেন। রাত সাড়ে ৯টার দিকে অস্ত্রধারী কয়েকজন এসে তাঁদের নিয়ে যায়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”ঘটনার পর বড়ই ঝিরি ও আশপাশের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাঁরা দ্রুত অপহৃতদের উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।




মন্তব্য করুন