সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ
দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৩ আগস্ট শনিবার
অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন।
চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ।
ইতোমধ্যে এই সম্মেলন ঘিরে উপজেলা সদর থেকে শুরু করে চকরিয়া উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্নস্থরের নেতাকর্মীদের মাঝে রীতিমতো উৎসবের আমেজ শুরু হয়েছে।
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক বলেন, সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে জনসভার মাঠ পরিষ্কার, প্যান্ডেল নির্মাণ ও মঞ্চ তৈরির কাজ চলছে। মাঠে অন্তত লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহবায়ক সাবেক ছাত্র ও যুবনেতা জাহাঙ্গীর ভুট্টো এবং যুগ্ম আহবায়ক হিসেবে আছেন সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, আলী আহমদ মেম্বার, আলহাজ্ব কুতুবউদ্দিন ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এম ওমর আলী। এছাড়া সম্মেলন সফল করতে আরও ৬-৭টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটি সবাই যার যার দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন, যাতে সম্মেলন সফলভাবে সম্পন্ন করা যায়।
উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী বলেন, আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দলের পক্ষথেকে সবধরনের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন সাবেক এমপি হাসিনা আহমদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়া সম্মেলনে জেলা-উপজেলা পর্যায়ের আরও সিনিয়র বিএনপি নেতারা যোগ দেবেন।
সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক জাহাঙ্গীর ভুট্টো বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা সবধরনের প্রস্তুতি শেষ করেছে। ইতোমধ্যে সম্মেলন বাস্তবায়ন কমিটি ছাড়াও উপকমিটির সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন। প্রতিটি এলাকায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়ে দিয়েছেন।
প্রতিটি এলাকা ও ইউনিয়ন ভিত্তিক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে, যাতে করে সম্মেলনে ব্যাপক জনসমাগম নিশ্চিত করা যায়।
তিনি বলেন, সম্মেলনে সভাপতিত্ব করবেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এনামুল হক। পুরো সম্মেলন সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী।
প্রসঙ্গতঃ সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন পরবর্তী কমিটিতে আনসারুল ইসলাম বাবুল মিয়া সভাপতি এবং অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী সাধারণ সম্পাদক ছিলেন।
পরে বিভিন্ন সময় চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি পরিবর্তন হলেও সর্বশেষ গত ৫ আগস্ট এনামুল হককে আহবায়ক ও এম মোবারক আলীকে নতুন সদস্য সচিব ঘোষণা দিয়ে চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেন কক্সবাজার জেলা বিএনপি। ##




মন্তব্য করুন