কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করেছেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আবু ছালেক এমন অভিযোগ উঠেছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে দু’দফা দখল চেষ্টার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের প্রতিরোধে শেষ পর্যন্ত দখল প্রক্রিয়া ব্যর্থ হয়।
অভিযোগে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াসমিন সোলতানার স্বামী ও শ্বশুরের নামে প্রায় ৮০ শতক জমি রয়েছে। এর মধ্যে ৪০ শতকে চাষাবাদ হয়, বাকিতে রয়েছে ভিটেবাড়ি।
চলতি মৌসুমে ওই জমিতে ফসল ফলাচ্ছেন স্থানীয় কৃষক আবুল হোসেন, যিনি দীর্ঘ ১৮ বছর ধরে বর্গা চাষা হিসেবে জমিটি চাষাবাদ করছেন।
১৮ দিন ধরে জ্বলছে ইনানীর গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের বিশেষজ্ঞ দল
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউপি সদস্য আবু ছালেক প্রথমবার জমিতে প্রবেশ করে আবুল হোসেনকে সরে যেতে বলেন এবং হুমকি দেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি দলবল নিয়ে আবারও জমিতে প্রবেশ করলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এতে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত আবু ছালেক ও তার লোকজন পিছু হটতে বাধ্য হন।
এ বিষয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন সোলতানা বলেন, জমিটি আমাদের দখলে রয়েছে যুগ যুগ ধরে। বর্গা চাষা আবুল হোসেন প্রায় দেড় যুগ ধরে এখানে চাষ করছেন। কিন্তু আবু ছালেক মেম্বার হঠাৎ এসে জোর করে জমি দখলের চেষ্টা করেন।
আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে প্রশাসনের সামনে বসুন। কিন্তু তিনি বলেছেন, এখন আর কাগজপত্রের দরকার নেই, ক্ষমতাই কাগজ। তিনি বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালাচ্ছেন। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
বর্গা চাষা আবুল হোসেন বলেন, আমি ১৮ বছর ধরে এই জমি চাষ করে আসছি। আজকে আবু ছালেক মেম্বার লোকজন নিয়ে এসে আমাকে বাধা দেন। আমি তাকে বলেছি, কাগজপত্র থাকলে ভাইস চেয়ারম্যানের সঙ্গে বসুন। প্রমাণ হলে আমি নিজে থেকেই সরে যাব।
অন্যদিকে ইউপি সদস্য আবু ছালেক বলেন,কিসের কাগজ? কিসের বৈঠক? ক্ষমতাই এখন কাগজ।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্য করুন