সিলেট, ২৩ সেপ্টেম্বর – সিলেটের রাস্তা পরিষ্কারে কঠোর বার্তা দিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেছেন, রাস্তায় হকার বসার কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে হকারদের পুনর্বাসনের জন্য নগরীর লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
এর আগেও হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ে এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এ জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, জায়গাটি না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোনো সুযোগ নেই। এখানে না এলেও রাস্তা ছাড়তে হবে।
তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এ কাজ কতদূর এগোলো। আমার ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এ সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলব। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘণ্টা উল্লেখ করে জেলা প্রশাসক আরও বলেন, এটা এ নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনোভাবেই আমরা সড়কে হকার এলাউ করব না।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৩ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন