ঢাকা, ২২ আগস্ট – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যাতে সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই কাজ শুরু করেছে পুলিশ। একইসঙ্গে ২০১৮ সালের নির্বাচনের পুলিশের ‘কলঙ্ক’ মোচনের জন্যও এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তারা।
শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে পুলিশ কাজ শুরু করেছে। ২০১৮ সালের নির্বাচনে পুলিশ যে কলঙ্কিত হয়েছিল সেই কলঙ্ক মোচনের জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে।
তিনি বলেন, সর্বজনগ্রাহ্য, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন দেশে-বিদেশে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নিরপেক্ষ একটি নির্বাচন আমাদের দেশে অতি জরুরি।
সাজ্জাত আলী বলেন, গত বছরের ৫ আগস্টের পর পুলিশের মনোনল ভেঙে পড়ে। তবে সম্মিলিত প্রচেষ্টায় সেই মনোবল ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমএম বাদশা।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্র্যাব কার্যালয়ে কেক কাটার পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিকেলে সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর গান পরিবেশন করেন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন