জেরুজালেম, ২৭ সেপ্টেম্বর – গাজায় কাজ ‘শেষ করার’ ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
নিহতদের মধ্যে অন্তত ৩০ জন গাজা সিটির বাসিন্দা। ইসরায়েলি বাহিনী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্থল অভিযানের পর শহরটিতে হামলা আরও বাড়িয়েছে।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
শুক্রবার গাজার আল-ওয়েহদা স্ট্রিট, শাতি শরণার্থী ক্যাম্প, নাসর এলাকা এবং পশ্চিমাঞ্চলের রিমাল এলাকার আবাসিক ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়। রিমাল এলাকা থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খালিলি জানিয়েছেন, হামলার আগে কোনো সতর্কতা দেওয়া হয়নি।
স্থানীয়রা ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন এবং চিকিৎসাকর্মীরা নিহতদের মরদেহ সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, এই আবাসিক এলাকা এখনো জনাকীর্ণ। হামলা বাড়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
জাতিসংঘ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রতি আট-নয় মিনিট পরপর একটি করে বিমান হামলা চালানো হয়েছে, যার বিধ্বংসী প্রভাব বেসামরিক জনগণের ওপর পড়ছে। এছাড়া বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফ-এর ত্রাণ সংগ্রহস্থল থেকে সাহায্য নিতে গিয়ে শুক্রবার আরও ১৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির কাছাকাছি আছেন। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি এবং সময়সীমাও জানাননি। ট্রাম্প সোমবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন