কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে ভাসমান এক লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি শনাক্ত করেছেন রোহিঙ্গা যুবক মোঃ বশির আহমেদের স্ত্রী। তিনি উখিয়া থানাধীন ক্যাম্প-১১, ব্লক ডি/১৫ এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর শনিবার দুপুর ১২:৩০ মিনিটের দিকে চৌধুরীপাড়া, নীলা এলাকার আনোয়ার প্রোজেক্টের পাশে নাফ নদীর মধ্যবর্তী হরের চরে জেলেরা মাছ ধরার সময় লাশ ভাসতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের স্ত্রী জানান, বশির আহমেদ ৭–৮ দিন আগে মাছ ধরতে বের হয়েছিলেন এবং এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নৌ-পুলিশের ইন্সপেক্টর আতিকুল হক বলেছেন, লাশ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।




মন্তব্য করুন